হাইকোর্টে বড় ধাক্কা অভিষেকের, বাড়ল অস্বস্তি!
রাজ্যজুড়ে দায়ের হওয়া একাধিক মামলায় একসঙ্গে বিশেষ সুরক্ষার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলায় বড় ধাক্কা খেয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বিভিন্ন ভিন্ন অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলাগুলির ক্ষেত্রে এই মুহূর্তে একসঙ্গে কোনো সার্বিক রক্ষাকবচ বা অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করা সম্ভব নয়।
আদালতের মতে, সব মামলার ক্ষেত্রে একসঙ্গে রক্ষাকবচ দিলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। শুনানির সময় রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া আটটি এফআইআর রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করেন সাংসদের আইনজীবী কপিল সিব্বল। তিনি এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার উদাহরণ টেনে সুরক্ষার আবেদন জানালেও, আদালত তা খারিজ করে দেয়। বেঞ্চ জানায়, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে সার্বিক সুরক্ষা ছিল না, বরং কিছু নির্দিষ্ট মামলায় ব্যক্তিগতভাবে রক্ষাকবচ বা আগাম জামিন দেওয়া হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ জুলাই পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। তবে এই সময়ের মধ্যে সাংসদের বিরুদ্ধে কোনো কড়া বা চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হলে তা আদালতের নজরে আনার সুযোগ রাখা হয়েছে।