ডিসেম্বরেই কি দেশে ফিরছেন হাসিনা? সাহাবুদ্দিনের পদত্যাগে তোলপাড় বাংলাদেশ!
মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সাংবিধানিক পদে থাকা রাষ্ট্রপতির কর্মকাণ্ড নিয়ে বর্তমান সরকারের অন্দরে অস্বস্তি ও অসন্তোষ বাড়ছে। বিশেষ করে, সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির টেলিফোনে কথোপকথন হয়েছে এমন খবর প্রকাশের পর এই জল্পনা আরও তীব্র হয়েছে।
২০২৩ সালের এপ্রিলে পাঁচ বছরের মেয়াদে শপথ নেওয়া রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের বর্তমান অবস্থান নিয়ে সরকারের অস্বস্তির পাশাপাশি ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি বেশ সংবেদনশীল হয়ে উঠেছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ও উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।