পোষা কুকুরকে মাংস খাইয়ে ১৮ লক্ষ টাকা লুট! কীভাবে ধরা পড়ল দুর্ধর্ষ ডাকাত?
ভোপালের সুরজ নগর এয়ারপোর্ট রোডে এক প্রবীণ আইনজীবীর বাংলোয় ১৮ লক্ষ টাকা এবং প্রচুর সোনা-রুপার গয়না লুটের মূল হোতা শাহরুখ কোরেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ সাত মাস পলাতক থাকার পর জয়পুর থেকে তাকে পাকড়াও করা হয়। গত বছরের ২৫ থেকে ২৬ ডিসেম্বর রাতে সংঘটিত এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ১৯ জনের একটি চক্র জড়িত ছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।
তদন্তে জানা গেছে, ডাকাতরা বাংলোয় প্রবেশের সময় পোষা কুকুরদের শান্ত করতে কাঁচা মাংসের টুকরো ব্যবহার করে। গৃহকর্মী ও তার বোনের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে এই হামলায় ১১ জন সশস্ত্র দুষ্কৃতী অংশ নিয়েছিল। চক্রের অন্য সদস্যরা আগেই গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত শাহরুখ দীর্ঘদিন ধরে অবস্থান ও চেহারা পরিবর্তন করে আত্মগোপনে ছিল। গত ২১ জুলাই জয়পুরের ঝোটওয়ারা থানা পুলিশ অবৈধ পিস্তলসহ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে ট্রানজিট রিমান্ডে এনে লুট হওয়া বাকি অর্থ ও গয়না উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।