বিশ্বের বৃহত্তম দই কারখানা এখন হাওড়ায়, অমিত শাহের ঘোষণায় তোলপাড়!

নিউজ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগে ‘আমূল বেঙ্গল ডেরি’ প্রকল্পের অধীনে এই প্ল্যান্টটি গড়ে তোলা হচ্ছে, যেখানে প্রতিদিন ৩০ লক্ষ লিটার দুধ প্রসেসিংয়ের সক্ষমতা থাকবে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রতিদিন ১,০০০ টন দই ও অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদিত হবে। এতে রাজ্যের ১.২৫ লক্ষ ডেরি কৃষক, যার মধ্যে ৩০ হাজারেরও বেশি নারী রয়েছেন, আর্থিকভাবে লাভবান হবেন।

অনুষ্ঠানে অমিত শাহ দাবি করেন, বর্তমান সরকার ‘সোনার বাংলা’ গঠনের লক্ষ্যে কাজ করছে। তিনি দীর্ঘ তিন দশকের বামফ্রন্ট এবং ১৫ বছরের তৃণমূল শাসনের সমালোচনা করে বলেন, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের মতো ব্যাপক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন দেশের আর কোনো রাজ্যে দেখা যায়নি। এছাড়া রাজ্য সফরকালে প্রশাসনিক উন্নয়ন, অনুপ্রবেশ রোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং নারী নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *