নিট আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, অরিজিতের প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া!
নিট (NEET) বিতর্কে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। সোমবার দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের ‘সংসদ অভিযান’ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এই ঘটনার ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর নিজের এক্স (X) হ্যান্ডেলে তীব্র ক্ষোভ প্রকাশ করে অরিজিৎ সিং পুলিশি কর্মকাণ্ডকে ‘উর্দির আড়ালে গুণ্ডামি’ বলে অভিহিত করেছেন।
সামাজিক মাধ্যমে দেওয়া নিজের পোস্টে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় বিস্ময় প্রকাশ করে অরিজিৎ পুলিশ ও রাজনীতিবিদদের কঠোর সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, শিক্ষার্থীরা কেন নির্যাতনের শিকার হবে এবং নেতামন্ত্রীরা কি নিজেদের ভগবান ভাবতে শুরু করেছেন? এই ঘটনায় সাধারণ মানুষ সবকিছুর হিসাব রাখছে বলে সতর্ক করে তিনি উল্লেখ করেছেন যে, পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য। উল্লেখ্য, এই ইস্যুতে অরিজিতের আগে শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন ও অনুরাগ কাশ্যপের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরাও সরব হয়েছেন।