সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রি সফর, পিঙ্ক কার্ড নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
রাজ্যে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও এক ধাপ এগোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের উদ্বোধনের পাশাপাশি মহিলাদের বিনামূল্যে ভ্রমণের সুবিধার্থে বিশেষ ‘পিঙ্ক কার্ড’ চালুর নির্দেশ দিয়েছেন তিনি। আগামী পাঁচ-ছয় মাস ধরে ধাপে ধাপে যোগ্য মহিলা ও ছাত্রীদের মধ্যে এই কার্ড বিলি করা হবে। সরকারি এই প্রকল্পের ফলে পরিবহন নিগমগুলোর ওপর অতিরিক্ত প্রায় ৪০০ কোটি টাকার আর্থিক চাপ পড়বে, যার জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
কর্মসূচিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, যে সমস্ত মহিলার মাসিক আয় ৫০ থেকে ৮০ হাজার টাকা বা তার বেশি এবং যাঁরা স্বেচ্ছায় টিকিট কেটে যাতায়াত করতে ইচ্ছুক, তাঁদের জন্য টিকিটের বিকল্প ব্যবস্থাও রাখা থাকবে। এদিন উদ্বোধিত ৫০টি বাসের মধ্যে ৪৩টি সিএনজি ও ৭টি ইলেকট্রিক বাস রয়েছে। আধুনিক এই বাসগুলোকে স্বামী বিবেকানন্দের পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে গেরুয়া রঙে সাজানো হয়েছে। অনুষ্ঠান থেকে ডব্লিউবিটিসি (WBTC)-এর ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।