জাতিগত শংসাপত্র পেতে বড় স্বস্তি, ১৯৫০ সালের জমির দলিলের আর প্রয়োজন নেই!
জাতিগত শংসাপত্র পাওয়ার প্রক্রিয়া সহজতর করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ অনগ্রসর কল্যাণ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে শংসাপত্র আবেদনের ক্ষেত্রে জমির দলিল জমা দেওয়া আর বাধ্যতামূলক নয়। এতদিন বিভিন্ন জেলা ও মহকুমা স্তরে ১৯৫০ সালের আগের জমির দলিল জমা দেওয়ার কড়াকড়ি থাকায় আবেদনকারীদের যে ভোগান্তি হচ্ছিল, তা দূর করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
জমির দলিলের পরিবর্তে আবেদনকারীরা এখন থেকে বিকল্প নথি হিসেবে ভোটার কার্ড, রেশন কার্ড বা অন্যান্য পরিচয়পত্র জমা দিতে পারবেন। এছাড়া বাবা-মায়ের জাতিগত শংসাপত্র অথবা বংশলতিকা (Genealogy) জমা দিলেই তা এসসি বা এসটি হিসেবে প্রমাণীকরণের জন্য গ্রহণযোগ্য হবে। দপ্তর সূত্রে জানানো হয়েছে, ২০১৪ ও ২০১৫ সালের সরকারি নির্দেশিকাতেই জমির দলিল বাধ্যতামূলক না থাকার বিষয়টি উল্লেখ ছিল। সেই নিয়মটিই এখন রাজ্যজুড়ে সমস্ত শংসাপত্র ইস্যু ও পুনঃযাচাই প্রক্রিয়ায় কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।