NEET প্রশ্নফাঁস কাণ্ড! সরকারের সঙ্গে বৈঠকে CJP, বড় সিদ্ধান্তের অপেক্ষায় দেশ?
NEET-UG ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে দেশজুড়ে অব্যাহত উত্তেজনার মধ্যেই আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিনিধিদল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সমাজকর্মী সোনাম ওয়াংচুকের মুক্তি এবং মৃত পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের আবহে এই আলোচনা হতে চলেছে। বৈঠকে সরকারের পক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। তবে বৈঠকের সুনির্দিষ্ট স্থান নিয়ে এখনও উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো বিষয়ে আলোচনার জন্য তারা প্রস্তুত এবং এতে কোনো অহংকার নেই। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নফাঁস কাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগে আইএএস অফিসার নরেশ পাল গাঙ্গোয়ারকে নতুন সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, এই পরিস্থিতির মধ্যেই সমাজকর্মী সোনাম ওয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে দীর্ঘ ২৬ দিনের অনশন প্রত্যাহার করেছেন।