২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, ঘরে ফেরার ঘোষণা!
দীর্ঘ ২৬ দিন অনশন চালিয়ে যাওয়ার পর অবশেষে আন্দোলন প্রত্যাহার করলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার গভীর রাতে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য দাবিতে চলা এই আন্দোলন সরকারের আশ্বাসের ভিত্তিতে ও দেশে সম্ভাব্য অশান্তি এড়ানোর লক্ষ্যে স্থগিত করা হয়েছে।
সরকারের দেওয়া তিনটি প্রধান আশ্বাসের ভিত্তিতে এই অনশন ভাঙা হয়। এর মধ্যে রয়েছে, দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ এবং গত ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ বা মামলা না করা। এছাড়া, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন প্রণয়ন, ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষা ব্যবস্থায় সংস্কার নিয়ে সংসদে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। একই সঙ্গে, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভুক্তভোগী যে সব শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন, তাদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে।