নিজেকে চিরতরুণ রাখতে ল্যাবে নিজের ক্লোন তৈরি!
বয়স ধরে রাখতে ও বার্ধক্যকে পরাস্ত করতে এবার ল্যাবরেটরিতে নিজের ‘বেবি ক্লোন’ তৈরির চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রযুক্তি বিলিয়নেয়ার ব্রায়ান জনসন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, নিজের শরীর থেকে সংগৃহীত রক্তকণিকা ব্যবহার করে অত্যাধুনিক প্রযুক্তিতে তিনি ভ্রূণীয় অবস্থায় একটি ক্লোন তৈরি করেছেন, যা বর্তমানে একটি পেট্রি ডিশে বেড়ে উঠছে। ব্রায়ানের দাবি, এই ক্লোন থেকে প্রাপ্ত কোষের সাহায্যে তিনি শরীরে তরুণ কোষ প্রতিস্থাপন, বিভিন্ন ওষুধের কার্যকারিতা পরীক্ষা এবং নিজের বিরল রোগ ‘অটোইমিউন গ্যাস্ট্রাইটিস’-এর চিকিৎসা করার পরিকল্পনা করছেন।
দীর্ঘায়ু লাভের আশায় প্রতি বছর প্রায় ২০ লক্ষ মার্কিন ডলার ব্যয় করা ব্রায়ানের এই দাবিকে ঘিরে বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়েছে। একদিকে তাঁর ভক্তরা একে চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী সাফল্য হিসেবে দেখছেন, অন্যদিকে সমালোচকরা একে বৈজ্ঞানিক বাড়াবাড়ি বা প্রচারের কৌশল বলে অভিহিত করছেন। উল্লেখ্য যে, মানুষের মৌলিক মর্যাদা লঙ্ঘনের আশঙ্কায় জাতিসংঘসহ বিশ্বের ৩০টির বেশি দেশে মানব ক্লোনিং নিষিদ্ধ। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রেও মানব ক্লোনিং আইনগত ও বৈজ্ঞানিক দিক থেকে অত্যন্ত বিতর্কিত এবং নিষিদ্ধ একটি বিষয়।