বনকর্মীর সাজে চরম নৃশংসতা, নগ্ন সত্যের সামনে চিত্রকূটের পাহাড়!
মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সীমান্তবর্তী চিত্রকূটের দেবঙ্গনা উপত্যকায় নিট পরীক্ষার্থী এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বন দপ্তরের কর্মী পরিচয়ধারী তিনজন দুষ্কৃতী এই বর্বরোচিত ঘটনা ঘটায় এবং তরুণীর সঙ্গে থাকা এক ১৭ বছর বয়সি কিশোর বন্ধু প্রতিবাদ করলে তাকে মারধর করে হাত-পা বেঁধে ঝোপের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। বুধবার বিকেলে ওই তরুণী এবং তার বন্ধু উপত্যকার নির্জন পাহাড়ি রাস্তায় ছবি তোলার সময় অভিযুক্তরা বাইকে এসে তাদের ওপর চড়াও হয়।
ভুক্তভোগী কিশোর কোনোমতে বাঁধন খুলে জরুরি নম্বর ১১২-এ কল করলে চিত্রকূট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে দুটি বিশেষ দল গঠন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন চিত্রকূটের পুলিশ সুপার অরুণ কুমার সিং।