জোম্যাটো-সুইগির দিন শেষ? বাজারে ঝড় তুলতে আসছে ফ্লিপকার্ট!
দেশের অনলাইন ফুড ডেলিভারি বাজারে জোম্যাটো ও সুইগির একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সংস্থাটি দেশের দ্রুত প্রসারমান এই ফুড ডেলিভারি ব্যবসায় আনুষ্ঠানিকভাবে পা রাখতে চলেছে। নিজেদের কুইক কমার্স সার্ভিস ‘ফ্লিপকার্ট মিনিটস’-এর সফল কৌশলকে কাজে লাগিয়ে এই নতুন পরিষেবা শুরু করা হবে। গ্রাহকরা মূল ফ্লিপকার্ট অ্যাপ এবং আলাদা অ্যাপ—উভয় মাধ্যম থেকেই এই সুবিধা নিতে পারবেন।
শুরুতে সীমিত পরিসরে এবং বাছাই করা কিছু অঞ্চলে এই পরিষেবা চালু করে গ্রাহকদের মতামত ও মান যাচাই করা হবে। এরপর ধীরে ধীরে এর পরিধি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। সরকারি উদ্যোগ ‘ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স’ (ONDC)-এর সঙ্গে যুক্ত হয়েই ফ্লিপকার্ট এই বাজারে প্রবেশ করছে। বর্তমানে জোম্যাটো ও সুইগির পাশাপাশি র্যাপিডো এবং সুইগির নতুন সাশ্রয়ী অ্যাপ ‘টোয়িং’-এর উপস্থিতিতে ফুড ডেলিভারি সেক্টরে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে।