আদালত বিনোদন কেন্দ্র নয়! সোশ্যাল মিডিয়ায় বিচার প্রক্রিয়ার ক্লিপ শেয়ারে বড় ধাক্কা সুপ্রিম কোর্টের

আদালতের বিচার প্রক্রিয়াকে বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনের বেঞ্চ এক অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছে, আদালতের পূর্বানুমতি ছাড়া বিচার প্রক্রিয়ার কোনো অডিও-ভিডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে পোস্ট, রি-পোস্ট বা আপলোড করা যাবে না। সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল কিংবা সংশ্লিষ্ট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের লিখিত অনুমতি পাওয়ার পরেই কেবল এমন তথ্য প্রকাশ করা সম্ভব হবে।

বিচার প্রক্রিয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল উপস্থাপন ও বাণিজ্যিক উদ্দেশ্যে তথ্য ব্যবহারের প্রবণতা নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আদালত স্পষ্ট করেছে যে, এই নির্দেশের ফলে মূলধারার সংবাদমাধ্যম বা সাংবাদিকদের সংবাদ পরিবেশনের স্বাধীনতায় কোনো বাধা সৃষ্টি হবে না। সাংবাদিক হর্ষিতা গ্রোভারের দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি, বর্তমান সময়ে ডিজিটাল তথ্যের অপব্যবহার নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কেন্দ্র সরকার ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংস্থাকে নোটিশ পাঠিয়ে মতামত তলব করেছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *