ভুয়ো সার্টিফিকেট রুখতে বড় পদক্ষেপ নবান্নের, প্রধানদের ক্ষমতা কেড়ে নিল রাজ্য!

জন্ম ও মৃত্যু শংসাপত্র ঘিরে ক্রমবর্ধমান জালিয়াতি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল এক প্রেস বিবৃতির মাধ্যমে ঘোষণা করেছেন যে, এখন থেকে রাজ্যের কোনো পুরপ্রধান বা পঞ্চায়েত প্রধান সরাসরি জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যু করতে পারবেন না। নির্বাচন কমিশনের বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন একাধিক অনিয়ম ও ভুয়ো শংসাপত্রের তথ্য উঠে আসার পরই নবান্নের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই শংসাপত্রগুলোতে স্বচ্ছতা ফেরাতে পুরোনো তথ্য ডিজিটাল পদ্ধতিতে স্ক্যান করে রেজিস্টার সংশ্লিষ্ট দপ্তরে ফেরত পাঠানো হবে। এই যাচাইকরণের দায়িত্ব কেবল স্থায়ী সরকারি আধিকারিকরাই পালন করবেন। এরই মধ্যে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও কলকাতাসহ রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশের অভিযান শুরু হয়েছে এবং বাড়ি বাড়ি সমীক্ষাও চালানো হবে। কোনো অবৈধ শংসাপত্র চিহ্নিত হলে তা তৎক্ষণাৎ বাতিল করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে বৈধ শংসাপত্রধারী সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন মুখ্যসচিব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *