গুজরাটে রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন শহর, জলের নিচে তলিয়ে গেল ৫০টি গাড়ি!

দক্ষিণ গুজরাটের একাধিক জেলায় লাগাতার মুষলধারে বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্য আপৎকালীন পরিচালনা কেন্দ্রের (SEOC) তথ্য অনুযায়ী, সবচেয়ে সংকটজনক অবস্থায় রয়েছে ভালসাড় জেলা। সেখানে শুধুমাত্র উমরগাঁও এলাকায় ১৬ ঘণ্টায় রেকর্ড ১১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির জেরে ভালসাড়ের ভাপি এলাকায় বহুতলের পার্কিংয়ে থাকা ৫০টিরও বেশি গাড়ি জলের নিচে তলিয়ে গেছে। পাশাপাশি, পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

অরঙ্গা, পার ও দমন গঙ্গা নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়েছে। এছাড়া সুরাট শহরের নিচু এলাকা থেকে প্রায় ২,২০০-র বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর ভালসাড়, নবসারী, ডাংস, সুরাট ও তাপী জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের ত্রাণ ও উদ্ধারকাজ তদারকি করার নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *