অধ্যক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল বর্ধমান মহিলা কলেজ!

পরিকাঠামোগত অব্যবস্থার অভিযোগে বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মহিলা কলেজে অধ্যক্ষকে তালাবন্দি করে বিক্ষোভ

বর্ধমান: পরিকাঠামোগত বেহাল দশা এবং অধ্যক্ষের উদাসীনতার অভিযোগ তুলে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মহিলা কলেজ। কলেজের ওয়াশরুম, ক্লাসরুম ও খেলার মাঠের শোচনীয় পরিস্থিতির প্রতিবাদে একদল ছাত্রী অধ্যক্ষ আসরফি খাতুনের ঘরে তালা ঝুলিয়ে দিয়ে তাঁর পদত্যাগের দাবিতে সরব হন। দীর্ঘক্ষণ অধ্যক্ষকে তালাবন্দি অবস্থায় থাকতে হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ।

বিক্ষুব্ধ ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজের পরিকাঠামো বেহাল হলেও অধ্যক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ফিজিক্যাল এডুকেশন চতুর্থ সেমেস্টারের পড়ুয়াদের দাবি, তাঁদের দেওয়া চিঠি অধ্যক্ষ ছুড়ে ফেলে দিয়েছেন এবং তাঁদের অপমান করেছেন। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আসরফি খাতুন জানিয়েছেন, ছাত্রীরা তাঁকে কোনো লিখিত অভিযোগ জানাননি। পরীক্ষা চলাকালীন এই ধরনের হট্টগোল ও তালা ঝোলানোর কারণ নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি দাবি করেন, আলোচনার জন্য ডাকলেও ছাত্রীরা তাতে সাড়া দেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *