উর্দি পরেই মঞ্চে ইস্তফা! উত্তরাখণ্ডের কনস্টেবলের কাণ্ডে উত্তাল দিল্লি।
দিল্লির যন্তর মন্তরে উত্তরাখণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মঞ্চে এসে চাকরি থেকে ইস্তফার ঘোষণা দিলেন কনস্টেবল শের সিং। উত্তরাখণ্ড পুলিশের উর্দি পরিহিত অবস্থায় মঞ্চে উঠে তিনি আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং নিজের উর্দির ব্যাজ খুলে সিজেপি নেতার হাতে তুলে দেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, শের সিংয়ের এই ইস্তফার কোনো আইনি বৈধতা নেই। তিনি গত ২৮ জুন থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ২০ জুলাই তাঁকে আগেই সাসপেন্ড করা হয়েছিল এবং বর্তমানে তাঁর বিরুদ্ধে বরখাস্তের প্রক্রিয়া চলছে। এছাড়া পুলিশের ভাষ্যমতে, তাঁর বিরুদ্ধে অতীতে প্রতারণা, জালিয়াতি ও জমি দখলের মতো ফৌজদারি মামলা রয়েছে এবং তিনি জেলও খেটেছেন। প্রশাসনের পক্ষ থেকে যন্তর মন্তরে তাঁর এই কার্যক্রমকে শৃঙ্খলাভঙ্গ ও উস্কানিমূলক বলে অভিহিত করা হয়েছে।