আদালতের ভিডিও প্রকাশের ওপর সুপ্রিম কোর্টের কড়া নিষেধাজ্ঞা!
আদালতের বিচারিক শুনানির অডিও বা ভিডিও রেকর্ডিং প্রকাশ্যে আনা এবং তার ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত কঠোর ও যুগান্তকারী অন্তর্বর্তী নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, এখন থেকে আদালতের পূর্বানুমতি ছাড়া কোনো শুনানির অডিও বা ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ বা আপলোড করা যাবে না। বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা এবং খণ্ডিত ভিডিও প্রচারের মাধ্যমে বিভ্রান্তি তৈরি ও রেকর্ডিংয়ের অপব্যবহার রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে ‘সেক্রেটারি জেনারেল’ এবং হাইকোর্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট ‘রেজিস্টার জেনারেল’-এর লিখিত পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া আদালতের কার্যক্রমের রেকর্ডিং এডিট বা কাটছাঁট করে পুনরায় প্রকাশ করা এবং বাণিজ্যিক বা আর্থিক লাভের উদ্দেশ্যে (মনিটাইজেশন) তা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, লাইভ স্ট্রিমিং সংক্রান্ত নির্দেশিকা যথাযথভাবে মানা হচ্ছে কি না, সে বিষয়ে সব হাইকোর্টকে বিশদ প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।