মেট্রো স্টেশন বন্ধ কেন? ডিএমআরসি-কে কড়া হুঁশিয়ারি প্রধান বিচারপতির!
NEET প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে ও বিভিন্ন পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)-এর এই সিদ্ধান্তের ফলে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনসহ অন্যান্য স্টেশন বন্ধ থাকায় আইনজীবী, আদালতের কর্মী এবং বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিকাশ সিং বিষয়টি প্রধান বিচারপতি সূর্য কান্তের নজরে আনেন।
পরিস্থিতি বিবেচনা করে প্রধান বিচারপতি ডিএমআরসি কর্তৃপক্ষকে দুপুরের মধ্যে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনটি পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় শীর্ষ আদালত এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করবে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ‘চলো সংসদ’ কর্মসূচির জেরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গত ২০ জুলাই থেকে সেন্ট্রাল দিল্লির ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ডিএমআরসি।