বেলঘরিয়া স্টেশনে হকার উচ্ছেদে হাই কোর্টের স্থগিতাদেশ, স্বস্তিতে ব্যবসায়ীরা!

কলকাতা বেলঘরিয়া স্টেশনে হকার ও অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানের ওপর আগামী ৩১ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাই কোর্ট। শনিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছে।

যাত্রী নিরাপত্তা, স্টেশনের পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে রেল কর্তৃপক্ষ গত ১৪ জুলাই বেলঘরিয়া স্টেশন চত্বর থেকে অবৈধ দখলদারদের সরে যাওয়ার নোটিস দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ওই নোটিসে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ব্যবসায়ীরা হাই কোর্টের দ্বারস্থ হন। আদালতে মামলাকারীদের আইনজীবী জানান, ১৪ জুলাই নোটিস জারির পর বেশ কিছু আবেদন জমা পড়েছে এবং আগামী দিনে এ সংক্রান্ত অন্যান্য মামলার শুনানি রয়েছে। সব দিক খতিয়ে দেখে আদালত আপাতত উচ্ছেদ অভিযানের ওপর স্থগিতাদেশ জারি করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *