ভোটের বয়স ২১ থেকে ১৮! তেলেঙ্গানায় বড় চমক দিচ্ছেন রেবন্ত রেড্ডি?
ভারতে লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর থেকে কমিয়ে ২১ বছর করার দাবি জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এই দাবির প্রেক্ষিতে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে তেলেঙ্গানা বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ওই অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পাস করিয়ে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রেবন্ত রেড্ডির যুক্তি, বর্তমানে ২১ বছর বয়সি যুবকরা সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস বা আইপিএস অফিসার হতে পারছেন এবং স্থানীয় নির্বাচনে মেয়র বা জিলা পরিষদের চেয়ারপার্সন পদে লড়তে পারছেন। ভারত ছাড়াও জার্মানি, ব্রিটেন ও সিঙ্গাপুরের মতো দেশে ১৮ বা ২১ বছর বয়সেই নাগরিকরা গুরুত্বপূর্ণ পদে আসীন হতে পারেন। তিনি উল্লেখ করেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ তরুণ প্রজন্ম হলেও সংসদে তাদের প্রতিনিধিত্ব ১ শতাংশের কম। এই উদ্যোগকে সফল করতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর সহায়তায় বিষয়টি লোকসভাতেও তোলার আশ্বাস দিয়েছেন তিনি।