‘হর ঘর তেরঙ্গা’ নিয়ে রাজ্য সরকারের বড় ঘোষণা, জেনে নিন ১০ দফার নির্দেশিকা!

দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে রাজ্যে আগামী ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত পালিত হতে চলেছে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশিকা মেনে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এই উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে। নাগরিকদের গর্বের সঙ্গে নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

এই কর্মসূচি সফল করতে রাজ্য প্রশাসনের তরফে ১০ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। এর মধ্যে র‍্যালি, প্রভাত ফেরি, সাইকেল ও বাইক র‍্যালি, বিদ্যালয় সাজসজ্জা, আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার কথা বলা হয়েছে। প্রতিটি পরিবার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ‘ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, ২০২৩’ মেনে পতাকা উত্তোলনে উৎসাহিত করা হবে। পাশাপাশি, নাগরিকদের তেরঙ্গার সঙ্গে ছবি তুলে সরকারি পোর্টালে আপলোড করতে এবং সোশ্যাল মিডিয়ার ডিপি পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে।

এই উৎসবের জন্য রাজ্যজুড়ে ব্যাপক হারে জাতীয় পতাকা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিটি জেলা এবং কলকাতা পুরসভার জন্য দেড় লক্ষ করে এবং কালিম্পং জেলার জন্য ২০ হাজার পতাকা বরাদ্দ করা হয়েছে। এই কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আর্থিক সহায়তাও ঘোষণা করেছে রাজ্য সরকার, যার মধ্যে জেলা ও পুরনিগম প্রতি ১ লক্ষ টাকা, মহকুমা প্রতি ৫০ হাজার টাকা এবং ব্লক ও পুরসভা প্রতি ২০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *