তৃণমূলে পরিণত হয়েছে কংগ্রেস! কার্গিল দিবসে শমীক ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্য

আজ কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিরোধী দল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পাশাপাশি, সাম্প্রতিক ছাত্রমিছিলে ওঠা ‘আজাদি’ স্লোগান নিয়েও কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। এ দিন কার্গিল দিবসের মঞ্চ থেকে কংগ্রেস এবং তৃণমূলের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে শমীক দাবি করেন, কংগ্রেস এখন কার্যত তৃণমূলে পরিণত হয়েছে এবং তাদের নৈতিক ভিত্তি বলে কিছু নেই। ২০১৫ সালের একটি ঘটনার তদন্ত রিপোর্ট জনসমক্ষে না আসা এবং কংগ্রেসের বর্তমান রাজনৈতিক দৈন্যদশা নিয়েও তিনি কটাক্ষ করেন।

সম্প্রতি কলকাতায় নিট প্রশ্নফাঁস বিরোধী মিছিলে দেশবিরোধী ‘আজাদি’ স্লোগান ওঠাকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা বলেন, যেকোনো মূল্যে দেশবিরোধী স্লোগানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া ওই মিছিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১ জনের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের সরাসরি যোগাযোগের বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। অনুষ্ঠানের শুরুতে কার্গিল যুদ্ধে শহিদ কণাদ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শমীক ভট্টাচার্য। এছাড়া ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং শহিদ কণাদ ভট্টাচার্যের বাসগৃহে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *