মেদিনীপুরে বুলডোজার অভিযান, ফুটপাত দখলমুক্ত করতে কড়া প্রশাসন!

মেদিনীপুর শহরের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে রবিবার শহরের ব্যস্ততম এলআইসি মোড় এলাকায় অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে বুলডোজার ব্যবহার করে একাধিক অবৈধ দোকান ও একটি টোটো ইউনিয়নের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শহরের যান চলাচলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এবং পথচারীদের যাতায়াতের সুবিধার্থে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের আগেই সংশ্লিষ্ট দোকানদারদের প্রায় দশ দিন ধরে নোটিশ দিয়ে স্বেচ্ছায় জবরদখল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অনেকে সেই নির্দেশ মানলেও, যারা উপেক্ষা করেছেন তাদের দোকানই এই অভিযানে উচ্ছেদ করা হয়েছে। এর আগে শহরের বাসস্ট্যান্ড এলাকাতেও একই প্রক্রিয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল এবং জেলাজুড়ে এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এদিকে পুনর্বাসনের ব্যবস্থা না করে হঠাৎ জীবিকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সরব হয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাঁদের দাবি, বিকল্প ব্যবস্থা ছাড়া এই উচ্ছেদ অমানবিক এবং এর ফলে অনেক পরিবার সংকটে পড়বে। উচ্ছেদ চলাকালীন এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *