ত্বকে সুগন্ধি ব্যবহারের ভয়ংকর পরিণতি জানেন কি!
সরাসরি ত্বকে পারফিউম ব্যবহারের অভ্যাস শরীরের জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন চর্মরোগ বিশেষজ্ঞরা। পারফিউমে থাকা বিভিন্ন কঠোর রাসায়নিক উপাদান ত্বকের সংস্পর্শে এসে ‘কনট্যাক্ট ডার্মাটাইটিস’-এর মতো সমস্যা তৈরি করে, যার ফলে ত্বক লাল হওয়া, প্রচণ্ড চুলকানি, জ্বালাপোড়া এবং র্যাশ বা ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিতে পারে। বিশেষ করে সংবেদনশীল ত্বকের অধিকারীদের জন্য এই ঝুঁকি অনেক বেশি, যা দীর্ঘমেয়াদে ত্বকে কালচে ছোপসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া অ্যালকোহলযুক্ত পারফিউম মেখে দীর্ঘক্ষণ রোদে থাকলে সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে রাসায়নিকের বিক্রিয়া ঘটে ত্বকে স্থায়ী পিগমেন্টেশন বা জেদি ট্যান পড়ার ঝুঁকি বেড়ে যায়।
এই ধরনের ঝুঁকি এড়াতে সরাসরি ত্বকে স্প্রে না করে পোশাক বা স্কার্ফে পারফিউম ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাজারে নতুন পারফিউম কেনার আগে ত্বকে প্যাচ টেস্ট করে নেওয়া এবং রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যদি ত্বকে কোনো ধরনের জ্বালাপোড়া বা র্যাশ দেখা দেয়, তবে অবিলম্বে সেই পারফিউমের ব্যবহার বন্ধ করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফেরাতে শসা, লেবুর রস, নিমপাতা বা আলুর রসের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।