স্কুলে যাওয়ার নাম করে বিপত্তি! পাচারকারীর খপ্পরে বেলডাঙার ৩ কিশোরী
স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে পাচারকারীর খপ্পরে পড়া মুর্শিদাবাদের বেলডাঙার তিন ছাত্রীর মধ্যে একজনকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার লালবাগ এলাকায় ঘুরতে গিয়ে এক যুবকের প্রলোভনে পড়ে তারা শিয়ালদহগামী ট্রেনে ওঠে। শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর পর ওই যুবক তাদের বেঙ্গালুরু নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী কৌশলে পালিয়ে স্টেশনে থাকা এক মহিলার কাছে সাহায্য চায়। ওই মহিলা তাকে নিরাপদে উদ্ধার করে ভগবানগোলা পুলিশের হাতে তুলে দিলে শনিবার পরিবারের সদস্যরা তাকে বেলডাঙায় ফিরিয়ে নিয়ে যান।
তবে ওই ঘটনার পর থেকে বাকি দুই ছাত্রী এবং অভিযুক্ত যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। গত শুক্রবার বাড়ি থেকে বের হওয়া ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির ওই তিন শিক্ষার্থী বিদ্যালয়ে না গিয়ে লালবাগ মতিঝিল পার্কে গিয়েছিল। বর্তমানে নিখোঁজ দুই ছাত্রী ও ওই যুবককে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। উদ্ধারের পর ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।