আমেরিকার বিরুদ্ধে নতুন হুঙ্কার, পাল্টা জবাব দিলেন খামেনি!
ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় আহত হওয়ার পর দীর্ঘসময় আড়ালে থাকা ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা আলি খামেনেই সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এক বার্তায় কঠোর অবস্থান ঘোষণা করেছেন। তিনি সাফ জানিয়েছেন, ‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই।’ লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি এই সংগঠনকে ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘অটল শিলা’ হিসেবে অভিহিত করেছেন।
মোজতাবা আলি খামেনেই লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং হেজবোল্লার নিরাপত্তাকে ইরানের ‘কৌশলগত দায়িত্ব’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, আমেরিকার সঙ্গে ইরানের কোনো আনুষ্ঠানিক সমঝোতা হলে তাতে লেবাননের বিরুদ্ধে ইজরায়েলি সামরিক অভিযান বন্ধের শর্ত বাধ্যতামূলকভাবে থাকতে হবে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হেজবোল্লাকে নিশ্চিহ্ন করার হুঙ্কার দিলেও, ইরানের সর্বোচ্চ নেতা এই লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন এবং হাসান নাসরাল্লাহসহ নিহত হেজবোল্লা কমান্ডারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।