আমফানের ত্রাণে কোটি কোটি টাকার নয়ছয়, ক্যাগের রিপোর্টে ফাঁস রাজ্যের সবচেয়ে বড় দুর্নীতি!
২০২০ সালের ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ বিতরণ প্রক্রিয়া ঘিরে চলা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে একটি চাঞ্চল্যকর অডিট রিপোর্ট প্রকাশ করেছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)। প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (অডিট-২) মনীশ কুমার এক সংবাদ সম্মেলনে জানান, ত্রাণ বণ্টনের হিসাব খতিয়ে দেখতে গিয়ে ক্ষয়ক্ষতির অতিরঞ্জিত চিত্র, একই ব্যক্তির নামে বারবার অর্থ উত্তোলন এবং একাধিক সন্দেহজনক আর্থিক লেনদেনের মতো গুরুতর গরমিল ধরা পড়েছে।
এই অনিয়ম রোধ ও ভবিষ্যতে ত্রাণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকারকে ছয়টি সুনির্দিষ্ট সুপারিশ করেছে সিএজি। এর মধ্যে রয়েছে ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন, ত্রাণ প্রাপক নির্বাচনে স্বচ্ছতা, আবেদনের জন্য নির্দিষ্ট ফরম্যাট ব্যবহার, নথি যাচাই পদ্ধতি কঠোর করা এবং ত্রাণ বিলি প্রক্রিয়ায় নজরদারি বৃদ্ধি। পাশাপাশি, অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে সরকারকে অ্যাকশন টেকেন রিপোর্ট (এটিআর) জমা দিতে বলা হয়েছে। সিএজি স্পষ্ট জানিয়েছে যে, তারা কেবল সরকারি আশ্বাসের ওপর নির্ভর না করে সরাসরি দুর্গত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে সুপারিশ বাস্তবায়নের বিষয়টি খতিয়ে দেখবে।