বঙ্গোপসাগরে বিরাট বিপদের হাতছানি, আজই ল্যান্ডফল! কোন কোন জেলায় চরম সতর্কতা?
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এটি বর্তমানে সাগরদ্বীপ থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। গভীর নিম্নচাপটি অত্যন্ত ধীর গতিতে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আজ সোমবার দুপুর নাগাদ পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলবর্তী বালেশ্বর ও ক্যানিংয়ের মধ্যবর্তী অঞ্চল দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে আজ ও আগামীকাল রাজ্যজুড়ে আবহাওয়ার অবনতির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে উপকূলীয় জেলাগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, সমুদ্র সৈকতগুলোতে মাইকিং করা হচ্ছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টি এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া মঙ্গলবারেও ঝাড়গ্রাম, পুরুলিয়া, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।