পাঠ্যবইতে ১৬০০ ভুল! পদত্যাগের দাবিতে উত্তাল একাধিক রাজ্য
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার পর দিল্লির রাজনৈতিক উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন রাজ্যে। দুর্নীতির অভিযোগ, প্রশ্নফাঁস এবং পাঠ্যবইয়ে ভুল থাকার মতো গুরুতর ইস্যুতে ছত্তীসগঢ়, ওড়িশা এবং পাঞ্জাবে সংশ্লিষ্ট রাজ্যের শিক্ষামন্ত্রীদের পদত্যাগের দাবিতে তীব্র আন্দোলন শুরু হয়েছে। বিরোধী দলগুলোর এই ধারাবাহিক বিক্ষোভ আগামী দিনে জাতীয় রাজনীতিতে বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
ছত্তীসগঢ়ে নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনার পর শিক্ষাব্যবস্থার অব্যবস্থার দায় নিয়ে শিক্ষামন্ত্রী গজেন্দ্র যাদবের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। অন্যদিকে, ওড়িশার পাঠ্যবইয়ে ১৬০০-রও বেশি ভুল ধরা পড়ায় শিক্ষামন্ত্রী নিত্যানন্দ গন্ডের ইস্তফার দাবিতে পথে নেমেছে কংগ্রেস ও বিজেডি। পাশাপাশি, পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগের পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী হরজ্যোত সিং বেইন্সের পদচ্যুতির দাবিতে সরব হয়েছে কংগ্রেস। যদিও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান একে বিরোধী দলগুলোর সমন্বিত রাজনৈতিক ষড়যন্ত্র বলে পাল্টা অভিযোগ তুলেছেন।