গাজার পর কি এবার রক্তস্রোত ওয়েস্ট ব্যাঙ্কে? নেতানিয়াহুর ঘোষণায় কাঁপছে মধ্যপ্রাচ্য!
গাজা উপত্যকার সংঘাতের রেশ কাটতে না কাটতেই এবার অধিকৃত পশ্চিম তীরে সর্বাত্মক সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছে ইজরায়েল। এই সামরিক অভিযানের অংশ হিসেবে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন যে, নিরাপত্তা বাহিনীকে প্রতিটি গ্রামে ঢুকে বাড়ি বাড়ি তল্লাশি করতে হবে, অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অঞ্চলে সশস্ত্র তৎপরতা নির্মূল ও নিয়ন্ত্রণ সুসংহত করতেই এই ব্যাপক অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে।
এই সামরিক তৎপরতার পাশাপাশি স্থানীয় প্যালেস্তাইনরা উগ্র বসতিস্থাপনকারীদের হামলার মুখেও পড়ছেন। ‘ইয়ুথ এগেইনস্ট সেটেলমেন্টস’-এর প্রতিষ্ঠাতা ইসা আমরুর তথ্যমতে, শারীরিক নির্যাতন ও বেপরোয়া গ্রেফতারির কারণে গত কয়েক বছরে ২০টিরও বেশি প্যালেস্তাইন সম্প্রদায় ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয়দের একাংশ এই পরিস্থিতির ভয়াবহতাকে ‘জাতিগত নির্মূল’ অভিযানের সঙ্গে তুলনা করেছেন। ইজরায়েলি প্রশাসনের এই নতুন সিদ্ধান্তের ফলে অঞ্চলটিতে মানবিক সংকট বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।