ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোন জেলাগুলোতে জারি রেড অ্যালার্ট?
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপটি বর্তমানে সাগরদ্বীপের ৪০ কিলোমিটার দক্ষিণে, দিঘার ৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, ডায়মন্ড হারবারের ১০০ কিলোমিটার দক্ষিণে এবং ক্যানিংয়ের ১২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি আজ দুপুর নাগাদ পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের বালেশ্বর ও ক্যানিংয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির জেরে উপকূলীয় এলাকাগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের প্রভাবে সোমবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় চলবে ভারী বৃষ্টি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ও একটানা বৃষ্টির কারণে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।