আমফান ত্রাণে মেগা দুর্নীতি! ফাঁস হলো ক্যাগের বিস্ফোরক রিপোর্ট

ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ বন্টনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা নিশ্চিত করল দেশের সর্বোচ্চ অডিট সংস্থা— কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)। সংস্থাটির প্রকাশিত চাঞ্চল্যকর রিপোর্টে বলা হয়েছে, ত্রাণের তালিকা প্রস্তুত থেকে শুরু করে টাকা বিতরণের প্রতিটি স্তরেই গরমিল ছিল। বিশেষ করে, একই ব্যক্তির নাম একাধিকবার তালিকায় অন্তর্ভুক্ত করে ত্রাণের অর্থ আত্মসাৎ করার মতো ঘটনা ঘটেছে বলে অডিটে উঠে এসেছে। এই বিষয়ে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (অডিট-২) মনীশ কুমার জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই ক্ষয়ক্ষতির পরিমাণ অহেতুক বাড়িয়ে দেখানো হয়েছিল।

ক্যাগের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমফানের ত্রাণ বন্টনের স্বচ্ছতা রক্ষায় ছয়টি সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে। সংস্থাটি ক্ষতিগ্রস্তদের তালিকার যথাযথ মূল্যায়ন, ত্রাণ সহায়তার জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফরম্যাট তৈরি এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে নথি যাচাই বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছে। সেইসঙ্গে ত্রাণসামগ্রী মজুত ও বিতরণের ওপর নজরদারি কঠোর করার নিদান দেওয়া হয়েছে। মনীশ কুমার জানিয়েছেন, সন্দেহজনক লেনদেন ও অনিয়মের ঘটনা সামনে আসায় তারা কেবল সরকারি আশ্বাসের ওপর নির্ভর না করে সুপারিশগুলি কতটা বাস্তবায়িত হলো, তা সরেজমিনে খতিয়ে দেখবেন। উল্লেখ্য, ২০২০ সালের ২০ মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের পর থেকেই ত্রাণ বন্টনে অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধী দলগুলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *