ভুয়ো ড্রাগ অফিসার সেজে দোকানে দাদাগিরি, হাতেনাতে ধরা দুই প্রতারক!

নিজেদের ‘ড্রাগ কন্ট্রোল অফিসার’ হিসেবে পরিচয় দিয়ে ওষুধের দোকানে চাঁদাবাজির অভিযোগে বাঁকুড়ার খাতড়া থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা লাইসেন্স বাতিলের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছিলেন বলে অভিযোগ। ধৃতদের নাম বিবেক বেরা ও সন্টু মুখোপাধ্যায়। এদের মধ্যে বিবেক বেরার বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এবং সন্টু মুখোপাধ্যায়ের বাড়ি বাঁকুড়ার হেলনা শুশুনিয়া গ্রামে। সোমবার ধৃতদের খাতড়া মহকুমা আদালতে তোলা হয়েছে।

ঘটনার সূত্রপাত খাতড়ার একটি ওষুধের দোকানে ওই দুই ব্যক্তির হানা দেওয়ার মাধ্যমে। তারা নিজেদের সরকারি আধিকারিক পরিচয় দিয়ে লাইসেন্স খতিয়ে দেখার নাম করে ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকা দাবি করেন এবং ভয় দেখিয়ে ১ হাজার টাকা আদায়ও করেন। দোকানদারের সন্দেহ হওয়ায় তিনি পরিচয়পত্র দেখতে চাইলে প্রতারকরা লাইসেন্স বাতিলের হুমকি দেয়। পরে ওই ব্যবসায়ী স্থানীয় ওষুধ ব্যবসায়ী সংগঠনের সাথে যোগাযোগ করে প্রতারণার বিষয়টি নিশ্চিত হন। এরপর অন্যান্য ব্যবসায়ীদের সহায়তায় ওই দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে খাতড়া থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *