মাত্র ১১ নম্বরের আফসোস, চিরতরে নিভে গেল মেধাবী ছাত্রীর প্রাণ!
মহারাষ্ট্রের অহল্যানগর জেলার করজত তালুকের জলালপুর গ্রামের বাসিন্দা ১৯ বছর বয়সী অঙ্কিতা সুরেশ সাঙ্গলে নামে এক তরুণী NEET-UG পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে আত্মঘাতী হয়েছেন। গত ৩ মে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিলেও প্রশ্নফাঁস বিতর্কের জেরে পরীক্ষা বাতিল হওয়ায় তাঁকে ২১ জুন পুনরায় পরীক্ষায় বসতে হয়। ১৬ জুলাই প্রকাশিত ফলে তিনি ১৬৬ নম্বর পান, যা তাঁর সংরক্ষিত বিভাগের কাট-অফ ১৭৭ থেকে ১১ নম্বর কম ছিল। পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই তিনি চরম মানসিক অবসাদে ভুগছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।
গত শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ নিজের বাড়িতে অঙ্কিতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর মা। খবর পেয়ে করজত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মারাঠি ভাষায় লেখা সুইসাইড নোটে অঙ্কিতা লিখেছেন যে, পরিবারের প্রত্যাশা পূরণ করতে না পারার ব্যর্থতা এবং পরীক্ষায় অকৃতকার্য হওয়ার গ্লানি থেকেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। নিজের মৃত্যুর জন্য তিনি কাউকেই দায়ী করেননি। কৃষক পরিবারের এই তরুণীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।