ইথানল নিয়ে মিথ্যা প্রচার! মানহানির মামলায় এবার বোম্বে হাইকোর্টে নিতিন গড়করি
July 28, 2026
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের ইথানল ব্লেন্ডিং (E20) কর্মসূচি থেকে ব্যক্তিগতভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরি। সোশ্যাল মিডিয়ায় তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ছড়ানো ভিত্তিহীন তথ্য, ডিপফেক ছবি ও ভুয়া ভিডিওর প্রতিবাদে তিনি বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
মামলায় নিতিন গডকরি স্পষ্ট করেছেন যে, সরকার পরিচালিত ইথানল ব্লেন্ডিং নীতিটি সম্পূর্ণভাবে পেট্রোলিয়াম মন্ত্রকের এক্তিয়ারভুক্ত এবং এর সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কোনো ব্যক্তিগত ব্যবসার লাভের সম্পর্ক নেই। রাজনৈতিক ফায়দা হাসিল ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ার নির্দিষ্ট কিছু হ্যান্ডেল থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি আবেদনে উল্লেখ করেছেন।