অবৈধ অভিবাসী ফেরাতে ভারতের অনীহা, বিস্ফোরক অভিযোগে তোলপাড় ব্রিটিশ রাজনীতি!

পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীকে ভারতের হাতে তুলে না দেওয়ায় ব্রিটেন থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার সরকারি প্রস্তাবে নয়াদিল্লি সাড়া দেয়নি বলে দাবি করেছেন ব্রিটেনের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল। ‘ডেইলি টেলিগ্রাফ’-এর একটি পডকাস্টে তিনি অভিযোগ করেন, নীরব মোদীকে ফেরত না পাঠানোয় ভারত সরকার অত্যন্ত ক্ষুব্ধ ছিল, যার ফলে পরবর্তীতে ব্রিটেনে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের চার্টার্ড বিমানে ফেরত পাঠানোর প্রস্তাব ভারত প্রত্যাখ্যান করে। এছাড়া, ওই অভিবাসীদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া নিয়েও নয়াদিল্লি আপত্তি জানিয়েছিল বলে প্রীতি প্যাটেল দাবি করেছেন।

বর্তমানে নীরব মোদী লন্ডনের পেন্টনভিল কারাগারে বন্দি রয়েছেন এবং আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। ২০২১ সালে ভারত ও ব্রিটেনের মধ্যে ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ চুক্তি স্বাক্ষরিত হলেও, প্রীতি প্যাটেলের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ‘ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি ইউকে’। সংগঠনটির প্রতিনিধি কুলদীপ শেখাওয়াত দাবি করেছেন, ভারত অবৈধ অভিবাসনকে সমর্থন করে না এবং নিয়মানুযায়ী বৈধ প্রক্রিয়া মেনেই উপযুক্ত অভিবাসীদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে এই বিষয়ে ব্রিটেন সরকার বা স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *