অভিষেকের ডায়মন্ড হারবারে ফের আইনি ফাঁড়া, কোভিড টেস্ট দুর্নীতিতে চাঞ্চল্য!
ডায়মন্ড হারবারে করোনা পরীক্ষা শিবির আয়োজনকে কেন্দ্র করে নতুন আইনি জটিলতায় পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালের জানুয়ারি মাসে ডায়মন্ড হারবারে আয়োজিত ‘মেগা কোভিড-১৯ টেস্টিং ড্রাইভ’-এ আর্থিক ও পদ্ধতিগত অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজেপি নেতার দাবি, ওই কর্মসূচির মাধ্যমে ২৬০টি পরীক্ষাকেন্দ্র ও ২৩টি মোবাইল ইউনিটের সাহায্যে ৫৩,২০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছিল, যার জন্য ব্যবহৃত কিট ও সরকারি সম্পত্তির ব্যবহার নিয়ে অস্বচ্ছতা রয়েছে। অভিজিৎ দাস অভিযোগ করেন, ডায়মন্ড হারবার মডেলের নামে সাধারণ মানুষকে প্রতারণা করা হয়েছে। এ ঘটনায় তৎকালীন জেলাশাসক ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার তৎকালীন সুপারসহ মোট ২৬ জনের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। এর আগে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির নিয়েও অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর ও স্বাস্থ্য দপ্তরের অনুসন্ধান প্রক্রিয়া চলমান রয়েছে।