কোভিডের অক্সিজেন তহবিলে কোটি টাকার তছরুপ, তদন্তের নির্দেশে চাঞ্চল্য!

কোভিড অতিমারীতে তৈরি চিকিৎসা পরিকাঠামোর বড় অংশ অব্যবহৃত, জানাল ক্যাগের অডিট রিপোর্ট

করোনা অতিমারীর সময় জরুরি ভিত্তিতে তৈরি পশ্চিমবঙ্গের অক্সিজেন পরিকাঠামো, ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামের একটি বড় অংশ কার্যত অকেজো বা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)-এর সাম্প্রতিক অডিট রিপোর্টে জানানো হয়েছে, রাজ্যে কোভিড মোকাবিলার জন্য বরাদ্দ অর্থের অন্তত ৬৫ শতাংশই নির্দিষ্ট সময়ে খরচ করা সম্ভব হয়নি। বিধানসভায় পেশ করা এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, ‘পিএম কেয়ার্স’ ও সিএসআর প্রকল্পের অর্থে স্থাপিত ৭৫টি অক্সিজেন প্লান্টের মধ্যে ৫৭ শতাংশই ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত হয় অকেজো ছিল, অথবা চালু করা যায়নি।

রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন সরকারি হাসপাতালে কেন্দ্রীয় সরকারের পাঠানো ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর দীর্ঘদিন অব্যবহৃত থাকায় চিকিৎসা পরিকাঠামোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কোথাও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর অভাব, রক্ষণাবেক্ষণের ঘাটতি আবার কোথাও প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সরঞ্জামগুলি রোগীদের সেবায় ব্যবহার করা সম্ভব হয়নি। অডিট সংস্থাটি লক্ষ্য করেছে যে, প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বয়ের অভাব থাকায় এবং বরাদ্দ অর্থের মাত্র ৩৫ শতাংশ কাজে লাগানোয় জনস্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার সুযোগ হাতছাড়া হয়েছে। এই অডিট রিপোর্টের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কোভিড তহবিলের অর্থ সংক্রান্ত বিষয়গুলিতে অদূর ভবিষ্যতে উচ্চপর্যায়ে তদন্ত শুরু করবে স্বাস্থ্য দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *