ইটভাটা ভাঙচুর কাণ্ডে বড় জয়, হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন অনুব্রত!

ইটভাটা ভাঙচুর ও লুটপাটের একটি মামলায় বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের আগাম জামিন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রতর আইনজীবীরা। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই জামিনের নির্দেশ দেন। এর আগে সিউড়ি আদালত অনুব্রতর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল, তবে হাইকোর্টে শুনানির সময় তাঁর আইনজীবীরা উল্লেখ করেন যে, এই মামলার অন্যতম সহ-অভিযুক্ত জয়দেব বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বেই উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বোলপুরের ত্রিসুলাপট্টির বাসিন্দা বিজেপি সমর্থক শুভেন্দু মণ্ডলের ইটভাটায় হামলার অভিযোগ ওঠে। শান্তিনিকেতন থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, অনুব্রত মণ্ডলের প্ররোচনায় প্রায় ২০০ জন সশস্ত্র দুষ্কৃতী ওই ব্যবসায়ীর ভাটায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। অভিযোগ রয়েছে, ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুট করা হয় এবং কর্মচারী ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ওই ঘটনার প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল, যার আইনি লড়াইয়ে এই রায়ের ফলে তিনি স্বস্তি পেলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *