২০৩৬ সালেই কি শেষ টাকার যুগ? বিস্ফোরক ভবিষ্যদ্বাণী মাস্কের!
২০৩৬ সালের মধ্যেই পৃথিবী থেকে টাকার অস্তিত্ব ও গুরুত্ব চিরতরে হারিয়ে যেতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। এক পডকাস্টে তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রোবটিক্সের অভাবনীয় অগ্রগতির ফলে পণ্য ও পরিষেবার উৎপাদন মানুষের চাহিদাকে বহুগুণ ছাড়িয়ে যাবে। এর ফলে খাদ্য, বাসস্থান ও পরিবহনের মতো মৌলিক চাহিদা মেটানোর জন্য অর্থের প্রয়োজন ফুরিয়ে যাবে এবং পৃথিবীতে এক ‘অবিশ্বাস্য প্রাচুর্যের যুগ’ শুরু হবে।
ইলন মাস্কের মতে, আগামী পাঁচ বছরের মধ্যেই এআই মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে এবং ২০৩৬ সাল নাগাদ মানুষের বুদ্ধিমত্তা এআই-এর তুলনায় শিম্পাঞ্জির বুদ্ধিমত্তার মতো ক্ষুদ্র পর্যায়ে নেমে আসবে। ভবিষ্যতে এমন কোনো কাজ থাকবে না যা মানুষ এআই-এর চেয়ে দক্ষভাবে করতে পারবে। এদিকে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠানগুলো এআই-এর এই অনিয়ন্ত্রিত ক্ষমতা নিয়ে বারবার সতর্ক করেছে। তবে মাস্ক মনে করেন, এআই ও রোবটের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে থামানোর কোনো বাস্তবিক উপায় নেই।