পুজোর আগেই খুলছে বন্ধ চা বাগান, ঘরে ফিরুন পরিযায়ী শ্রমিকরা!

উত্তরবঙ্গের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চা বাগানগুলি খোলার প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সোমবার জলপাইগুড়ি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, শ্রমমন্ত্রী ও চা পর্ষদের চেয়ারম্যানের যৌথ প্রচেষ্টায় আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বন্ধ থাকা ১০ থেকে ১২টি চা বাগান পুনরায় চালু করা সম্ভব হবে। প্রায় ২০ হাজার চা শ্রমিক যারা রুজি-রোজগারের অভাবে পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দিয়েছিলেন, তাদের ঘরে ফেরাতে সরকার এই উদ্যোগ নিয়েছে। পাশাপাশি, ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা’র মাধ্যমে প্রাপ্ত ৩৩০ কোটি টাকা চা শ্রমিকদের আর্থিক সংকট দূর করতে ব্যয় করা হবে বলে তিনি জানান।

উত্তরের পরিকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে প্রশাসনিক কাজকর্ম সাধারণ মানুষের আরও নাগালের মধ্যে আনতে ‘উত্তরকন্যা’র সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে সোমবার শিলিগুড়িতে নবনির্মিত উড়ালপুলের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের দাবি, এই উড়ালপুলের ফলে শহরের যানজট নিরসনের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় নতুন গতির সঞ্চার হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *