চিনের অবিশ্বাস্য কীর্তি, তৈরি হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কৃত্রিম সূর্য!
নকল সূর্য বা কৃত্রিম সূর্য তৈরির প্রকল্পে বড় মাইলফলক অর্জন করল চিন। সম্প্রতি চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্স (আইপিপি) বিশ্বের সর্ববৃহৎ সুপারকন্ডাক্টিং ফিউশন ম্যাগনেট তৈরি করেছে। ডি-আকৃতির এই ম্যাগনেটটির দৈর্ঘ্য ২১ মিটার, প্রস্থ ১২ মিটার এবং ওজন ৫৮২ টন। অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরির মাধ্যমে প্রায় ১০০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্লাজমাকে রিঅ্যাক্টরের ভেতরে নিরাপদে আটকে রাখাই এই ম্যাগনেটের মূল কাজ, যাতে তা রিঅ্যাক্টরের দেয়ালে কোনো ক্ষতি করতে না পারে।
নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় চালিত এই কৃত্রিম সূর্য সূর্যের শক্তি উৎপাদনের পদ্ধতিকে অনুসরণ করে বিপুল পরিমাণ পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে। এই প্রক্রিয়ায় হাইড্রোজেন পরমাণুর সংযোজন ঘটানো হয়, যেখানে কোনো ক্ষতিকর কার্বন নিঃসরণ ঘটে না। ইতোমধ্যেই চিনের ‘এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টোকামাক’ (ইএএসটি) রিঅ্যাক্টরটি ১০০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টানা ১,০৬৬ সেকেন্ড প্লাজমা ধরে রেখে বিশ্বরেকর্ড গড়েছে। ২০২৭ সালের মধ্যে বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্ট সম্পন্ন করে ২০৩০ সালের মধ্যে ফিউশন শক্তি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন এবং পরবর্তীতে বিশ্বের প্রথম ফিউশন-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়েছে চিন।