নিম্নচাপের দাপটে ভাসবে দক্ষিণবঙ্গ, কলকাতা সহ জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা!
বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপের প্রভাবে গোটা রাজ্যজুড়ে আবহাওয়ার অবনতি হয়েছে। এর জেরে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়া বাঁকুড়া, হাওড়া ও উত্তর ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপকূলবর্তী উত্তাল সমুদ্রের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কলকাতাসহ বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি এবং কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি ও হাওড়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারসহ উপরের দিকের পাঁচটি জেলাতেও আজ থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী দুদিন পর থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।