প্রশ্নপত্র ফাঁস এখন সুসংগঠিত শিল্প! সংসদে গর্জে উঠলেন অভিষেক
মঙ্গলবার লোকসভায় ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক ব্যর্থতা ঢাকার লক্ষ্যেই এই নতুন আইন আনা হয়েছে বলে দাবি করেন তিনি। পরীক্ষার্থীদের স্বার্থে বিলটিকে সমর্থন জানালেও, বিগত এক দশকে দেশের শিক্ষাব্যবস্থার বিপর্যয় এবং সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই সাংসদ।
বক্তব্যের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০১৪ সাল থেকে NEET ও UGC-NET-এর মতো সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় হওয়া অনিয়মের খতিয়ান তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁস এখন একটি সুসংগঠিত ব্যবস্থায় পরিণত হয়েছে, যেখানে অপরাধীদের শাস্তির হার প্রায় শূন্য। এছাড়া সিবিআই বা ইডি দিয়ে তদন্তের নামে সময় নষ্ট করা হচ্ছে এবং বিচার প্রক্রিয়া প্রহসনে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে, প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও বলপ্রয়োগের ঘটনার নিন্দা করে তিনি বলেন, সরকার আলোচনার বদলে আন্দোলনকারীদের শত্রু হিসেবে গণ্য করছে।