পিওকে-র নির্বাচন প্রহসন, পাকিস্তানের মুখোশ খুলল ভারত!

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (PoK) আয়োজিত কথিত বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণকে কেন্দ্র করে চরম হিংসা, খুন এবং ব্যাপক জালিয়াতির অভিযোগ উঠেছে। প্রথম দফার ১৩টি আসনের ফলাফলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N) ৯টি আসনে এবং বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (PPP) ৪টি আসনে জয়লাভ করেছে। কেন্দ্রীয় সরকারে দুই দল শরিক থাকলেও এই নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত ও কারচুপির গুরুতর অভিযোগ উঠেছে। ভোটের দিন পিএমএল-এন সমর্থকদের গুলিতে পিপিপির এক কর্মী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া ব্যালট বাক্স লুঠ, অগ্নিসংযোগ ও জয়ী আসন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনার অভিযোগ তুলেছে পিপিপি। জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (JAAC) দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে ও সংঘর্ষে তাদের অন্তত ১৪ জন কর্মী প্রাণ হারিয়েছেন, যদিও পাক প্রশাসন এই তথ্য অস্বীকার করেছে।
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের এই নির্বাচনকে ভারত ‘পুরোপুরি প্রহসন ও বেআইনি’ বলে প্রত্যাখ্যান করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ এবং এই ধরনের নির্বাচন মূলত পাকিস্তানের অবৈধ দখলদারি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ধামাচাপা দেওয়ার একটি প্রচেষ্টা। ইতিমধ্যে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) এই নির্বাচন বর্জন করেছে। উল্লেখ্য, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মোট ৫৩টি আসনের জন্য আগামী ১০ আগস্ট পর্যন্ত তিন দফায় এই নির্বাচন প্রক্রিয়া চলবে।