রাজ্যের ব্লাড ব্যাংকে ভিন রাজ্যে রক্ত পাচারের পর্দাফাঁস, বড় অভিযানে স্বাস্থ্য দপ্তর!
রাজ্য থেকে বেআইনিভাবে ভিন রাজ্যে বিপুল পরিমাণ রক্ত ও প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যের একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চালিয়েছে স্বাস্থ্য দপ্তর। প্রাথমিক তদন্তে প্রায় ১০ হাজার ইউনিট রক্ত ও প্লাজমা পাচারের তথ্য উঠে এসেছে। সরকারি নিয়মকে উপেক্ষা করে মুনাফার লোভে এই পাচার চক্র চালানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে, যার প্রেক্ষিতে রাজ্যের অন্তত সাতটি ব্লাড ব্যাংক বর্তমানে তদন্তকারীদের নজরে রয়েছে।
অভিযোগের সত্যতা যাচাই করতে হাওড়া, বর্ধমান এবং অণ্ডালের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকে হানা দিয়ে নথিপত্র, রেজিস্টার এবং রক্ত সংগ্রহ ও সরবরাহের রেকর্ড বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত বা প্লাজমা পাঠাতে ‘স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল’ ও ‘ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল’-এর অনুমতি নেওয়া বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি। এই ঘটনার তদন্তে রাজ্য সরকারের গঠিত আট সদস্যের বিশেষ কমিটি পাচার চক্রের নেপথ্যে প্রভাবশালী কোনো গোষ্ঠীর যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে।