পুজোর আগেই বাম্পার উপহার! সরকারি কর্মীদের জন্য ২০% ডিএ ও বেতন বৃদ্ধির ঐতিহাসিক ঘোষণা
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ভবানী ভবনে আয়োজিত পুলিশ বিভাগের এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন যে, শারদীয় দুর্গাপূজার আগেই সরকারি কর্মচারীরা তাদের বর্ধিত ২০ শতাংশ ডিএ (ডিয়ারনেস অ্যালাউন্স) এবং অক্টোবর মাসের বেতন হাতে পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে অর্থমন্ত্রী ও অর্থসচিবকে নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি, রাজ্যের পুলিশ কর্মী ও সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনের প্রক্রিয়াও দ্রুত গতিতে চলছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি জানান, সপ্তম বেতন কমিশনের কাজের পরিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই কমিশনের রিপোর্ট জমা পড়বে। ওই রিপোর্ট পাওয়ার পর দ্রুত তা কার্যকর করা হবে। সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ এবং বেতন সংক্রান্ত সমস্যা ধাপে ধাপে মিটিয়ে ফেলার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।