নিট বিক্ষোভ কাণ্ডে ধৃত ১৬ আন্দোলনকারীর জামিন, আদালতের নির্দেশে বড় স্বস্তি!
নিট দুর্নীতির প্রতিবাদে ধর্মতলার বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হওয়া ১৬ জন আন্দোলনকারীকে জামিন দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপেক্ষিতে বিচারক এই জামিন মঞ্জুর করেন। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, আঠারো বছর বয়সি এবং অপরাধের রেকর্ড নেই এমন শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশজুড়ে নিট আন্দোলন সংক্রান্ত এফআইআরগুলোর ক্ষেত্রে কোনো জবরদস্তিমূলক আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়েও নির্দেশিকা রয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। তবে যাদের পূর্ববর্তী অপরাধমূলক রেকর্ড রয়েছে, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। পুলিশের তদন্ত অনুযায়ী, ধর্মতলার ওই কর্মসূচিতে ৭০ জন বহিরাগত বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করা হয়েছে, যাদের সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তবে গত শুক্রবারের সংঘর্ষে সাংবাদিকদের নিগ্রহের ঘটনাটির তদন্ত ও আইনি প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই চলবে বলে জানানো হয়েছে।