বাংলার ৭৫ হাজার শিক্ষকের ভাগ্যবদল! কেন্দ্রের দরবারে ২৩ লক্ষের জোরালো দাবি
দেশের প্রায় ২৩ লক্ষ এবং পশ্চিমবঙ্গের ৭৫ হাজার কর্মরত শিক্ষক-শিক্ষিকার চাকরির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০১০ সালে টেট (TET) বাধ্যতামূলক হওয়ার আগে সরকারি নিয়মে নিযুক্ত শিক্ষকদেরও টেট উত্তীর্ণ হতে হবে—গত ১১ মাস আগে সুপ্রিম কোর্টের দেওয়া এই রায়ের প্রেক্ষিতে শিক্ষক সংগঠনগুলি ছাড়ের দাবিতে সরব হয়েছে। কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট উদ্যোগ না নেওয়ায় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দায়িত্বে পরিবর্তনের প্রেক্ষাপটে শিক্ষক সংগঠনগুলি প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জরুরি হস্তক্ষেপের আর্জি জানিয়েছে।
‘শিক্ষানুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন’, ‘অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ’ (এবিআরএমএস) এবং ‘পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি’ পৃথকভাবে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট মহলে চিঠি ও ই-মেল পাঠিয়েছে। সংগঠনগুলির দাবি, সংসদের চলতি অধিবেশনেই একটি সংশোধনী বিল আনতে হবে, যাতে ২০১০ সালের আগে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক না করা হয়। দীর্ঘ ২৫-৩০ বছর ধরে কর্মরত এই শিক্ষকদের চাকরি, বেতন ও পেনশন আইনগতভাবে সুরক্ষিত করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সমস্ত সাংসদকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা।